রোজদিন ডেস্ক : বৈধ ভোটারদের বাদ দেওয়ার পর ভোটের বাংলায় বিজেপির বিরুদ্ধে এবার বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, রবিবার মধ্যরাত থেকেই শুরু হবে বিশেষ অপারেশন। খণ্ডঘোষের নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে এই আশঙ্কার কথা বলেন মমতা। তবে তারপরও দলীয় কর্মী-সমর্থকদের প্রচারে আরও জোর দেওয়ার কথাও বলেন তিনি। মমতা বলেন, ইভিএম মেশিন নিয়ে খুব সাবধান। এদের প্ল্যান হচ্ছে স্লো ভোটিং করানো। তারপর স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। কাউন্টিং শেষ করতে করতে গভীর রাত করে দেবে। তারপর আমাদের লোকেদের ভয় দেখিয়ে সরিয়ে দেবে। এভাবে প্ল্যান করছে ওরা। তিনি বলেন, অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করছে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। খবর আমরাও পাই। টিভিতে যদি দেখায় ওর জিতছে, জানবেন৷ ডাহা মিথ্যে বলছে। জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা আরও বলেন, জেনে রাখুন জিতবো কিন্তু আমরাই। ওদের ক্ষমতা নেই, আমাদের হারাবে। এর আগেও একাধিকবার ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করেন মমতা।
এরপর বাকুঁড়ার ছাতনায় আরও একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি সকলকে সুস্থ থাকার পরামর্শ দেন। একদিকে প্রচারের চাপ, তীব্র দাবদাহের মাঝে সুস্থ থাকতে সতর্ক হয়ে খাওয়াদাওয়ার কথা বলেন তৃণমূলনেত্রী। ছাতনার জনসভা থেকে তিনি বলেন, যে কোনও কিছু বাইরে খাওয়ার আগে সতর্ক থাকবেন। ঠিক জিনিসটা খাচ্ছেন কি না। শনিবার ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে ওআরএস ভেবে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন ১৬ জন। তাঁদের বেশিরভাগই শবর সমাজের। হাসপাতালে ভর্তি তৃণমূলের বুথ সভাপতি টুকারাম মাহাতোও। সেই ঘটনার কথা মনে করিয়ে সতর্ক করেন নেত্রী। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। এখন ঝটিকা সফরে এক জেলা থেকে আর এক জেলায় প্রচার সারছেন নেত্রী। এদিন খণ্ডঘোষ ও ছাতনা ছাড়াও ওন্দা ও আসানসোলে আরও দুটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সব জায়গাতেই তিনি বিজেপিকে শূন্যে নামিয়ে দেওয়ার বার্তা দেন।

Be the first to comment