রোজদিন ডেস্ক :
তিন সপ্তাহ বিদেশে চোখের চিকিৎসা করার পর তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি আজ কলকাতা ফিরেছেন। কলকাতা ফিরেই বিজেপিকে একের পর এক তোপ দাগেন তিনি। বলেন, ভবিষ্যতে বিজেপির অবস্থা করুণ হবে। রাজ্যে অভিশাপ লেগেছে মন্তব্য করে তিনি বলেন, এই রাজ্যকে জোর জবরদস্তি করে দখল করতে এসেছিল ওরা। সারা দেশেই ওদের অবস্থা খারাপ। সাংবিধানিক পদে যাঁদের বসিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে, তাঁদের আগামী দিনে শ্রীঘরে থাকতে হবে বলে তোপ দাগেন। আরও বলেন, নিজেদের ইচ্ছে মত যা ইচ্ছা করবেন না সবাইকে নাচাবার কথা ভাববেন না।
বিচার ব্যবস্থা থেকে কমিশন নিজের মত কাজ করবে। যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের চোখের জল, অভিশাপ বৃথা যাবে না।
উল্লেখ্য, রাজ্যে এসআইআরের ফলে বহু ভোটারের নামই বাদ গেছে। এখনও নাম তোলার অপেক্ষায় আছেন বহু মানুষ।
অন্যদিকে সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও একের পর এক অভিযোগের ঝাঁপি খুলছেন তাঁর প্রাক্তন সতীর্থরা। তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় সিআইডি হেফাজতে আছেন। কলকাতা ফিরে এবার তিনি কিভাবে এই সব অভিযোগের মোকাবিলা করবেন, রাজনৈতিক মহল সেদিকে তাকিয়ে।

Be the first to comment