প্রতিবেদন: পূর্বাভাস মতোই বুধবার সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগের কবলে বাংলা। সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে টানা বৃষ্টি চলছে। হাওয়া অফিস বলছে, স্থলভাগের থেকে খুব একটা বেশি দূরে নয় গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, বুধবার রাতেই সেটি স্থলভাগে ঢুকবে। ফলে ব্যাপক ঝড়বৃষ্টি চলবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু বাংলায় কতটা দুর্যোগ হতে পারে? হাওয়া অফিস বলছে, দুর্যোগের অভিমুখ অন্যদিকে ঘুরেছে। গভীর নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাবে।
বুধবার রাতেই এই নিম্নচাপ বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আর তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। পুরুলিয়া, বীরভূম, হাওড়ার একাংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Be the first to comment