দুষ্কৃতীদের সঙ্গে এনকাউন্টারে মারা গেলেন এক পুলিশ অফিসার

Spread the love
দুষ্কৃতীদের সঙ্গে এনকাউন্টারে মারা গেলেন এক পুলিশ অফিসার। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের খাগাড়িয়া জেলায়।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার পাসরাহা থানায় গোপন সূত্রে খবর আসে, খাগাড়িয়া জেলায় গঙ্গার ধারে সালারপুর দিয়ারা নামের একটি ছোট্ট নদী দ্বীপে নিজের সঙ্গীদের নিয়ে লুকিয়ে আছে কুখ্যাত দুষ্কৃতী দীনেশ মুনি। পুলিশের কাছে খবর ছিল ওই এলাকাকে দুষ্কৃতীরা বিভিন্ন সময়ে গা ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করে।
এই খবর পেয়ে রাত ২ টোর সময় খাগাড়িয়ার পাসরাহা থানার এস.এইচ.ও ( স্টেশন হাউস অফিসার ) বছর ৩২-এর আশীষ কুমার চারজনের পুলিশের একটি দল নিয়ে সেখানে যান। পুলিশকে আসতে দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। পুলিশের সঙ্গে এক ভয়াবহ এনকাউন্টার হয় দুষ্কৃতীদের। এই সময় বুকে গুলি লাগে আশীষ কুমারের। ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ সূত্রে খবর, এরপরেই সিনিয়র পুলিশ অফিসার মীনু কুমার গর্গি ও প্রমোদ কুমার ঝা’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়। পুলিশের গুলিতে দীনেশ মুনি গ্যাংয়ের এক দুষ্কৃতীও মারা গেছে বলে জানা গেছে। তবে দলের বাকিরা বা দীনেশ মুনিকে ধরা সম্ভব হয়েছে কি না সে ব্যাপারে কোনও খবর জানায়নি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত বছর ওই একই এলাকায় স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে গুলি বিনিময়ের সময়ও গুলি লেগেছিল এস.এইচ.ও আশীষ কুমারের। কিন্তু সে যাত্রায় তিনি বেঁচে গেছিলেন। খুব সাহসী ও দক্ষ পুলিশ অফিসার হিসেবেই পরিচিত ছিলেন আশীষ কুমার। তাঁর মা ক্যান্সারে আক্রান্ত। তাঁর এক ভাই বিএসএফ সেনা জওয়ান ও অন্য ভাই সিভিল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে। আশীষের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*