জন্মের আগে বার্থ সার্টিফিকেট! বরানগরের ঘটনায় ইআরওকে আইনি ব্যবস্থার নির্দেশ কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : জন্মের আগেই তৈরি বার্থ সার্টিফিকেট! বরানগরের ঘটনায় চক্ষু চড়কগাছে এসআইআরে যুক্ত কর্মী, অফিসারদের। স্ক্রুটিনিতে এমন তথ্য সামনে আসতেই সংশ্লিষ্ট ইআরওকে আইনি পদক্ষেপের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, পাপিল সরকার নামে এক ব্যক্তির ক্ষেত্রে নথি যাচাই করতে গিয়ে দেখা যায়, তাঁর জন্মতারিখ দেখানো হয়েছে ৬ মার্চ ১৯৯৩। অথচ তাঁর বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে তার আগেই, ৪ মার্চ ১৯৯৩। অর্থাৎ জন্মের আগেই শংসাপত্র তৈরি হয়ে যাওয়ায় বিস্মিত কমিশনের আধিকারিকরা। একাধিকবার নথি খতিয়ে দেখার পর কমিশন সংশ্লিষ্ট ইআরও-কে লিখিত নির্দেশ দেয়, দেশের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। ওই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এসআইআর শুরু হওয়ার সময় কমিশনের দেওয়া এনুমারেশন ফর্মে স্পষ্ট উল্লেখ ছিল, ভুল তথ্য দিলে আইনানুগ পদক্ষেপ করা হবে। সেই নির্দেশিকার ভিত্তিতেই পদক্ষেপের কথা বলা হয়েছে। পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকাতেও এইরকম আরও একটি ঘটনার খবর পাওয়া গিয়েছে। ৫৫ নং পার্টের ভোটার আলাউদ্দিন শেখ এনুমারেশন ফর্মে জন্ম তারিখের জায়গায় xx/xx/১৯৮৭ লিখে জমা দিয়েছেন। অর্থাৎ জন্মতারিখ গোপন বা ভুলভাবে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ক্ষেত্রেও ইআরওকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*