রোজদিন ডেস্ক : যতদিন যাচ্ছে, নেহরু – গান্ধী পরিবারের বিরুদ্ধে খড়হস্ত হচ্ছে গেরুয়া শিবির। দলের জাতীয় সভাপতি নীতিন নবীন আজ নেহরু – গান্ধী পরিবারকে নিশানা করে একের পর এক তোপ দাগেন। পাটনায় সাংবাদিক বৈঠক ডেকে তিনি বলেন, ইউপিএ সরকারের আমলে রাজীব গান্ধী ফাউন্ডেশন চিনা সরকার ও জর্জ সোরোসের সঙ্গে যুক্ত তহবিল থেকে অনুদান পেয়েছে। এরপর বর্ষীয়ান সাংসদ সোনিয়া গান্ধীকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ অবধি জাতীয় পরামর্শদাতা পর্ষদে থেকে উনি কার্যত “সুপার প্রধানমন্ত্রী” ছিলেন। সমান্তরাল মন্ত্রিসভা চালাতেন।
এখানেই না থেমে প্রয়াত তিন প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ না দেখে ওঁরা ব্যক্তিগত স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। কেন জহরলাল নেহরু দেশের তৎকালীন ৪৫ কোটি মানুষকে বোঝা বলেছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এই নিয়ে প্রয়াত নেহরুজিকে আক্রমণ শানিয়েছিলেন।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত ময়নিহান জানিয়েছেন, কংগ্রেস ভোট প্রচারে সিআইএ-র থেকে তহবিল সংগ্রহ করেছিল।
রাহুল গান্ধীর বারবার বিদেশ সফর নিয়ে তোপ দেগে তিনি প্রশ্ন তোলেন, কেন উনি এতবার বিদেশ যান? কিভাবে, কিসের উদ্দেশ্যে যান?
এমনকি দীর্ঘদিন পর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে বফর্স দুর্নীতির প্রসঙ্গ তোলেন।
সম্প্রতি রাহুল গান্ধী ভারত – আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় যেভাবে সরব হয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করছেন, তার পালটা বিজেপি এই সব অভিযোগ তুলছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
নীতিন নবীনের অভিযোগ, কংগ্রেস নেতারা তরুণদের বিভ্রান্ত করছেন, তাঁদের সঙ্গেই তরুণরা আছেন বলে দাবি তাঁর। এই সব নিয়ে সোনিয়া, রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন তিনি।

Be the first to comment