রোজদিন ডেস্ক : কেন্দ্রে এই বিজেপি সরকারে শীঘ্রই পতন হবে। আপনারা জেনে রাখুন ‘২৯-এর আগেই পড়ে যাবে এই সরকার। নির্বাচন পর্যন্ত যেতে হবে না, ওদের গদি উল্টে যাবে। নদিয়ার কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে বৃহস্পতিবার এমনই ভবিষ্যদ্বাণী করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এসআইআর নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি। ভোটের আগে রাজ্যে দেড় কোটি নাম বাদ দেওয়া থেকে কেন্দ্রের হয়ে কমিশনের কাজ নিয়েও তোপ দাগেন। তিনি বলেন, দিল্লি থেকে লোক পাঠিয়ে নাম কাটার কাজ করানো হচ্ছে। কমিশনের কাছে শুধু বিজেপির তাঁবেদারি করা। কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি। তুমি ডিএমদের ভয় দেখাচ্ছো কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো? আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো, এত তাড়াহুড়ো কেন? কেন এত খিদে? হোয়াই সো হাংরি? শুধু ভোটের জন্য? ভাল করে মনে রাখবেন, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর। এরা ভোট করছে লুট, আর বলছে ঝুট! বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই লিস্ট ধরে ভোট করবেন?এটাই তো আপনাদের পরিকল্পনা? তাহলে জেনে রাখুন, বিহারে যেটা করতে পেরেছেন, বাংলায় হবে না। এজেন্সি দিয়েও নয়। ওদের আপনারা বাধ্য করে বিজেপিতে পরিণত করেছেন। এটা দেশের পক্ষে ভাল নয়। মনে রাখবেন, মানুষ সরকার নির্বাচিত করে, ইলেকশন কমিশন নয়। উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বলেন, মনে রাখবেন বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না।আজ আমি ভোট চাইতে আসিনি। নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না। সবাইকে সসম্মানেই রক্ষা করবো। এসআইআর নিয়ে কমিশনের হেয়ারিংয়ে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। বলেন, হেয়ারিংয়ে যান, কোনও তথ্য লাগলে আমরা আছি, সাহায্য করবো। পার্টির লোকেরাও থাকবে, সরকার এসআইআর’ ক্যাম্প করেছে, সেখানে সব তথ্য পাবেন। কোনও ভয় নেই৷ কেউ আপনাদের তাড়াতে পারবে না।

Be the first to comment