রোজদিন ডেস্ক : আজ এক গরিব হকার তার জিনিস বিক্রি করতে গিয়েছে। তাকে ধরে মেরেছ। যারা গায়ে হাত দিয়েছে, সব ক’টাকে কাল অ্যারেস্ট করেছি। মনে রাখবেন, এটা বাংলা, ইউপি নয়। এখানে তোমাদের হুকুম চলবে না, আদেশ চলবে না। এই ভাষাতেই এদিন কৃষ্ণনগরের সভা থেকে বিজেপির ভেদাভেদের রাজনীতিকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে গীতাপাঠের আসরে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ভেদাভেদ ভুলে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দেন তিনি। আরও বলেন, গীতাপাঠ তো আমরা সকলেই বাড়িতে করি। পাবলিক মিটিংয়ে করার কী দরকার? দুর্গাপুজো যখন হয়, তখন মিলেমিশে করি। আপনারা কে, যে ভেদাভেদ করছেন। আমি সবধর্ম নিয়ে চলতে চাই। নতুন ধর্ম আমদানি করছেন আপনারা।
এর পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও যথারীতি সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ বন্ধ করা নিয়ে কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের টাকা রাজ্যের লাগবে না। রাজ্য নিজের টাকায় ১০০ দিনের কাজ চালিয়ে যাবে। আমরা ভিক্ষা চাই না। আদালতের নির্দেশ পেয়েও ছ’মাস ঘুমিয়ে ছিল। হঠাৎ একটা নোটিস পাঠিয়েছে কেন্দ্র। রাস্তা তৈরির টাকাও বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ভাল কাজ করলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে। মানুষ এর জবাব দেবে।

Be the first to comment