রোজদিন ডেস্ক :
রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আগামীকাল বিধান সভায় বাজেট পেশ করবেন।
এই বাজেট নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে নানা প্রত্যাশা, জল্পনা এখন তুঙ্গে। বিশেষত রাজ্যে দীর্ঘদিনের শিল্প খরা কাটিয়ে ওঠার কোন দিশা এই বাজেটে দেওয়া হয়, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সব মহল। গতকাল পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের সোনালি ভবিষ্যতে র কথা বলেছেন।
শিল্প মহলের আশা, রাজ্যের ভূমি নীতি পরিবর্তন করুক সরকার। তবে ই শিল্পায়নের পথ আরও প্রশস্ত হবে। বাড়বে কর্মসংস্থান।
বিনিয়োগকারীদের আশা, তাঁদের জন্য বেশ কিছু সুযোগ, সুবিধা, ছাড় দেওয়া হোক, তবেই তাঁরা বিনিয়োগে উৎসাহ পাবেন। শিল্প পরিকাঠামোর উন্নয়ন সব মহলেরই মূল চাহিদা। বিজেপি শাসিত একাধিক রাজ্যে যেভাবে পরিকাঠামোর বিপুল উন্নয়ন হয়েছে, এই রাজ্যেও তা হোক, চান সকলেই। উড়াল পুল, গতিশীল পথের ব্যবস্থা সহ শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ইত্যাদি নাগরিক পরিসেবা উন্নয়ন হোক।
রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে ঢালাও বিনিয়োগ এলে রাজ্যে কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলবে।
প্রাক্তন সরকারের আমলের মত বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটরাজ আর চলবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দৃঢভাবে জানিয়েছেন। ফলত রাজ্যের শিল্পায়নে তা বিশেষ ভাবে সহায়ক হওয়ার আশা।
রাজ্যে কর্মসংস্থানের অভাব বড় ইস্যু। নতুন সরকারের বাজেট এই ক্ষেত্রে দিশা দেখাবে বলে সব মহল আশা করছেন।
বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে, এর জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা মিলবে বলে আশা।

Be the first to comment