রমিত সরকার, নদীয়া :
সোনার বাংলা গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত প্রকাশের জন্য বিশেষ বাক্সের ব্যবস্থা করল ভারতীয় জনতা পার্টি। এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় ১০ কোটি মানুষের কাছে পৌঁছে তাঁদের মতামত সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। রবিবার বিকেলে নদিয়ার পানিখালী বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস। পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক ও ত্রিপুরা রাজ্য বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেব। কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অসীম বিশ্বাস বলেন, সাধারণ মানুষের পরামর্শ নিয়েই বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে এবং পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় পরিণত করাই তাঁদের লক্ষ্য। তিনি আরও বলেন, দু’মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। SIR চালু হওয়ার ফলে মৃত ভোটারদের নাম বাদ যাবে, এতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে খুব বেশি ব্যবধান থাকবে না। বিধায়কের দাবি, মানুষ এই ব্যবস্থাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং তৃণমূল কংগ্রেসকে সরিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে। পাশাপাশি তিনি জানান, প্রায় ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছে মতামত নেওয়ার লক্ষ্য রয়েছে। এদিন পানিখালী বাজারে সাধারণ মানুষের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায় এবং বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রকাশ করেন।
ছবি : কাজল বসাক

Be the first to comment