রোজদিন ডেস্ক : গত দুদিন কলকাতা-সহ রাজ্যের একাধিক আদালতের পর আজ বোমাতঙ্ক ছড়ালো রুবির মোড়ের পাসপোর্ট সেবা কেন্দ্রে। একাধিক পোস্ট অফিসেও বোমা রাখা আছে বলেই মেলে বার্তা আসে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
কলকাতার অন্যতম ব্যস্ত রুবি মোড়ে পাসপোর্ট সেবা কেন্দ্রের কার্যালয়ে আজ ই-মেলে বোমা রাখা আছে খবর পাওয়া মাত্র তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ, বোমা নিষ্ক্রিয় শাখার কর্মী, আধিকারিকরা দ্রুত সেখানে গিয়ে তল্লাশি চালান।
কার্যালয় পুরো খালি করে দেওয়া হয়। বহুতল এই কেন্দ্রে অন্য বহু অফিস আছে, আতঙ্কে সকলেই বেরিয়ে আসেন৷ পুরো এলাকা পুলিশ, নিরাপত্তারক্ষীরা ঘিরে রাখেন। আসে পুলিশ সারমেয়ও।
সূত্রের খবর, বোমাতঙ্কর ফলে পাসপোর্ট কার্যালয়ের স্বাভাবিক কাজও ব্যাহত হয়। কর্মী আধিকারিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গত দুদিন কলকাতা সহ রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক ঘিরে আতঙ্ক ছড়িয়ে ছিল, যদিও কোথাও সন্দেহজনক কিছু মেলেনি। আজ পাসপোর্ট অফিস, একাধিক পোস্ট অফিসে বোমাতঙ্ক নিয়ে পুলিশ ব্যাপক তল্লাশি করে। এখন অবধি কিছু সন্দেহজনক না পাওয়া গেলেও আতঙ্কর ছায়া সর্বত্রই।
হাওড়া, আসানসোল, কাটোয়া, ঘাটাল ইত্যাদি এলাকায় পোস্ট অফিসেও বোমা আছে বলেই মেলে খবর আসে। সর্বত্রই পুলিশ তন্নতন্ন করে তল্লাশি চালায়। কে বা কারা এই হুমকি মেল পাঠাচ্ছে তার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত চললেও এখন অবধি তা ধরা যায়নি। ফলে আগামীতেও এই হুমকি মেল পাঠিয়ে আতঙ্ক ছড়ানো হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment