রোজদিন ডেস্ক :
নদীয়ার হরিণঘাটায় নামী ই-কমার্স সংস্থাকে কম দামে জমি দিয়ে বিপুল সরকারি অর্থর লোকসান হয়েছে। শনিবার বিধানসভায় ক্যাগ রিপোর্টে এই তথ্য মেলায় অস্বস্তিতে রাজ্য শিল্প উন্নয়ন নিগম। এর ফলে ১২ কোটি ৮৬ লক্ষ টাকা সরকারের লোকসান হয়েছে বলে সিএজি (ক্যাগ) জানিয়েছে।
সূত্রের খবর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ই-কমার্স সংস্থাটিকে হরিণঘাটা শিল্প পার্কে বাজারদর থেকে অনেক কমে জমি দেওয়া হয়েছে। ২০১৭ সালে প্রাক্তন সরকার ১৩২৬.৯৩ একর জমি শিল্প উন্নয়ন নিগমকে দেয়। নিগম ৩৫৮.১৯ একর জমি নিজেরা ২০৬ কোটি ৭৩ লক্ষ টাকা দিয়ে অধিগ্রহণও করে।
২০১৮ সালের আগস্ট মাসে নিগম একর প্রতি ৬৩ কোটি ৪৯ লক্ষ টাকায় ৯৯ বছরের লিজে জমি দিতে বিনিয়োগ কারীদের আহবান জানায়।।
ওই মাসে নামী ই-কমার্স সংস্থা আঞ্চলিক সরবরাহ কেন্দ্র স্থাপনের জন্য ১০৭.৩৫ একর জমি চেয়ে আবেদন করে। তারা ওখানে ৯৯১ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেয়। ওই বছর অক্টোবর মাসেই শিল্প উন্নয়ন নিগম তা অনুমোদন করে। ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভা এতে সবুজ সঙ্কেত দেয়।
সিএজি সূত্রে প্রকাশ, ওই সংস্থাকে নিগম ১০৯.১২ একর জমি বরাদ্দ করে। ২০২১ সালে এই সংক্রান্ত লিজ দলিল হয়। একর প্রতি ৬৩ লক্ষ ৪৯ হাজার টাকা দাম ঠিক হয়। সিএজি দেখেছে, ওখানে আসলে দাম হওয়া উচিত ছিল একর প্রতি ৭৫ লক্ষ ২৩ হাজার টাকা। তা না নিয়ে নিগম যে দাম নিয়েছে, এতে সরকার ১২ কোটি ৮৬ লক্ষ টাকা কম পেয়েছে।
এই বিষয়ে ২০২৩ সালে প্রাক্তন রাজ্য সরকার জানায়, নিগমের পর্ষদ সব কিছু খতিয়ে দেখে একর প্রতি দাম ঠিক করেছে, মন্ত্রিসভা জমি বরাদ্দ করেছে। সিএজি সরকারের এই বক্তব্য মানে নি। তারা এই বিষয়ে অসন্তোষ ব্যক্ত করেছে।
২০২২ সালে ই-কমার্সের ওই প্রকল্প উদ্বোধন হয়। যা সারা দেশে সব থেকে বড়, পূর্ব ভারতে সংস্থার উল্লেখযোগ্য প্রকল্প।

Be the first to comment