রমিত সরকার, নদীয়া :
ভোটের ফল প্রকাশের আবহ কাটতে না কাটতেই নতুন আইনি জটিলতার মুখে পড়লেন মহুয়া মৈত্র। সেনাবাহিনী ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে কৃষ্ণনগর এসিজেএম আদালতে মামলা দায়ের করেছেন গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি। অভিযোগ, সাংসদের মন্তব্যে ভারতীয় সেনাবাহিনী এবং দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে।
মামলা সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। এরপর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে বলে উল্লেখ করা হয়েছে মামলায়। অভিযোগকারী গৌরাঙ্গ দে দাবি করেছেন, দেশের সেনাবাহিনী শুধু ভারতের গর্ব নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সম্মানের প্রতীক। সেই সেনাবাহিনীকে নিয়ে সাংবাদিকদের সামনে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত আপত্তিকর ও অসম্মানজনক।
মামলাকারীর বক্তব্য, একজন সাংসদ হিসেবে মহুয়া মৈত্রর এমন মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, সেনাবাহিনীকে অপমান করে কোনও জনপ্রতিনিধি পার পেয়ে যেতে পারেন না। তিনি বলেন,
“আমি একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে এই মামলা দায়ের করেছি। দেশের সেনাবাহিনীকে অপমান করে কোনও জনপ্রতিনিধি পার পেতে পারেন না। মহুয়া মৈত্রকে প্রকাশ্যে সেনাবাহিনীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”
আইনজীবী সূত্রে খবর, কৃষ্ণনগর এসিজেএম আদালত প্রাথমিকভাবে মামলাটি গ্রহণ করেছে। আগামী দিনে এই মামলার শুনানিকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হতে পারে বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই বিষয়টি ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিরোধী শিবিরের একাংশ মহুয়ার মন্তব্যকে ‘দেশবিরোধী মানসিকতা’র বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেছে। যদিও এখনো পর্যন্ত মহুয়া মৈত্রের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Be the first to comment