প্রতিবেদন: চলতি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে বঙ্গ রাজনীতিতে এক নয়া সংস্কৃতির আমদানি হয়েছে, তা হল তৃণমূল নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম ছোঁড়া, যা মিডিয়ায় আপাতত ‘ডিম থেরাপি’ হিসেবে প্রচলিত হয়েছে। হারের পর সোনারপুরে গিয়ে প্রথম এই পরিস্থিতির শিকার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই এই ট্রেন্ড চলছে গোটা বাংলা জুড়ে।একের পর এক তৃণমূল নেতাকে ঘিরে একই ধরনের বিক্ষোভ ও হামলা চলছে। সেই প্রবণতাকে রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। আবেদনকারীর অভিযোগ, ফল প্রকাশের পর বিরোধী রাজনৈতিক দলের উপর হামলা এবং রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। যা একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এভাবে ডিম ছোড়াও ঠিক নয়। সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলার শুনানির আবেদন জানান আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Be the first to comment