রোজদিন ডেস্ক, কলকাতা:-বেলেঘাটায় ভোট পরবর্তী সংঘর্ষের জেরে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে ধৃত পুলিশ অফিসার রত্না চক্রবর্তী ও হোম গার্ডের জামিন মামলায় সিবিআই সময় চাইলো রিপোর্ট দেওয়ার জন্য।
সিবিআই দাবি করেন মামলার নথি তারা পাননি। আদালত আজই আবার তাকে নথি দিতে নির্দেশ দেয় মামলাকারীদের। ফলে শুনানি আগামী শুক্রবার হবে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। ওই পুলিশ অফিসারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশ অফিসারদের জেলে ফেলে রাখার জন্য সিবিআই কৌশল করছে। চার বছর আগের ঘটনা। এর মধ্যে সিবিআই যতবার ডেকেছে ততবার মক্কেল সাহায্য করেছেন। তারপরেও নোটিশ পাঠিয়ে ডেকে তাঁকে গ্রেপ্তার করেছে সিবিআই। এখনই মামলা শোনা হোক। তবে বিচারপতি ঘোষ সিবিআইকে সময় দিয়ে শুক্রবার শুনানির আশ্বাস দেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। ওই সময়েই ভোট পরবর্তী হিংসায় পূর্ব কলকাতার কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। পরিবারের অভিযোগ, ফল প্রকাশের পরেই গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎকে। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত চালাচ্ছিল। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

Be the first to comment