রোজদিন ডেস্ক, কলকাতা:- সন্দেশখালিতে উদ্ধার হলো বিপুল পরিমাণ জাল নোট । আর এই ঘটনায় গ্রেফতার হয়েছেন কলকাতার এক মহিলা। তিনি রাজারহাটের বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার পুলিশ তাকে রামপুরহাট থেকে গ্রেফতার করেছে।তল্লাশি করে প্রায় ৯ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়।রামপুরহাট থেকে যাঁকে গ্রেফতার করা হয়েছে তার নাম তিস্তা সেন। এই নিয়ে মোট তিন জনকে গ্রেফতার করা হল এই কাণ্ডে।
পুলিশ সূত্রের জানা গেছে, একাধিক ব্যবসায়ীকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চালাতেন তিস্তা। তাদের প্রলোভন দেখিয়ে নেওয়া হত নগদে বিপুল অঙ্কের ‘প্রসেসিং ফি’। এরপর সেই ‘ঋণের টাকা’র মধ্যে সুকৌশলে মিশিয়ে দেওয়া হত জাল নোট।আসানসোলের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, জমি ও ফ্ল্যাট বিক্রির নামেও তিনি একাধিক প্রতারণার অভিযোগে জড়িয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এর আগেও সাইবার জালিয়াতির মামলায় কলকাতা পুলিশের হাতে ধরা পড়েছিলেন তিস্তা সেন। জামিনে ছাড়া পাওয়ার পর ফের সক্রিয় হন জালিয়াতির কারবারে। পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে।

Be the first to comment