রোজদিন ডেস্ক কলকাতা:- একুশের স্ট্র্যাটেজি ছাব্বিশেও – ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যেরকমভাবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছিল তৃণমূল কংগ্রেস সরকার, সেরকমভাবেই ২০২৬ সালের ভোটের আগে নয়া কর্মসূচির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার নবান্ন থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন এলাকায় ছোট-ছোট সমস্যার সমাধান করার জন্য সেই কর্মসূচি চালু করা হচ্ছে। বুথ ধরে-ধরে সেই কাজ শেষ করা হবে দু’মাসের মধ্যে। আর আগামী ২ অগস্ট থেকে সেই কর্মসূচির সূচনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রামের ছোট-ছোট সমস্যাগুলি শুনবেন সরকারি আধিকারিকরা। তিনটি করে বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করা হবে। মোট ৮০,০০০ বুথ আছে। সেরকমভাবেই তিনটি বুথ নিয়ে একদিন করে শিবির তৈরি হবে। নির্দিষ্ট কেন্দ্রে এসে মানুষরা নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। তারপর আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে যে কতটা কাজ করা যাবে। পুরো কর্মসূচির জন্য দু’মাসের মতো লাগবে।
এদিন তিনি জানিয়েছেন, অনেক সময় দেখা যায় যে কোনও ছোট পাড়ায় হয়তো একটি কলের দরকার আছেন। একটি ছোট্ট পাড়ায় ছোট্ট গ্রামীণ রাস্তা পাকা করে দিলে কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় না মানুষকে। আবার কোথাও বিদ্যুতের খুঁটি বসাতে হবে বা কোথাও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ ঠিক করে দিতে হবে বা স্কুলের ছাদ ঠিক করে দিতে হবে। সেইসব ছোট-ছোট কাজের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চালু করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছোট সমস্যা সমাধান করে দিলেও খুশি হন মানুষ। তাঁদের কথা শুনলে খুশি হন। সেই বিষয়টি মাথায় রেখে ‘গ্রামের অন্দরে, মাটির অন্দরে’ গিয়ে ছোট-ছোট সমস্যার সমাধান করা হবে। যেগুলি হয়তো গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ করে ওঠার সুযোগ পায় না। সেগুলির সমাধান করা হবে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে। যে কর্মসূচির উদ্দেশ্য হল – ‘উপর থেকে নয়, নীচ থেকে মানুষের কথা শোনা’।

Be the first to comment