তালিকায় নাম নেই কেন নন্দীগ্রামে ক্ষুব্ধ বাসিন্দাদের প্রশ্নের মুখে কমিশনের সিইও

Spread the love

রোজদিন ডেস্ক : ২০০২ সালে নাম থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। কয়েকজন গ্রামবাসীর প্রশ্নে বেকায়দায় পড়লেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজ আগরওয়াল। আশ্বাস দিলেন, বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, ট্রাইবুনাল মারফত তাঁরা বিচার পাবেন। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবারই জেলা সফর বেরিয়েছেন মনোজ আগরওয়াল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় গিয়েছিলেন মনোজ। প্রশাসনিক ও রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকের পর রবিবার সকাল থেকে স্পর্শকাতর বুথগুলি ঘুরে দেখেন। তখনই তাঁকে নাগালে পেয়ে ভোটাররা ঘিরে ধরে জানতে চাইলেন, কেন তাঁদের নাম বাদ গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনামা শুনিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন সিইও। ভোটের সময়ে বরাবর রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকে পূর্ব মেদিনীপুর। সেখানে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, সেজন্য শনিবার প্রায় রাত পর্যন্ত জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সিইও। এরপর রবিবার সর্বদলীয় বৈঠকের পর জেলাশাসককে নিয়ে স্পর্শকাতর বুথগুলোতে যান। এদিন নন্দীগ্রামের একাধিক গ্রামে গিয়ে মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। বহু জায়গায় মহিলারা একুশের নির্বাচনের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন সিইওর সামনে। নন্দীগ্রামের পাশাপাশি পটাশপুর ও পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা ঘুরে দেখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*