রোজদিন ডেস্ক : তিলোত্তমার মতো গত কয়েক বছর ধরে থিমের দাপট চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও। তবে থিমের ভিড়ে এবার নজর কাড়ছে সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা। সৌজন্যে চন্দননগরের কানাইলাল পল্লি৷ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলোর চমক। নজরকাড়া আলোকসজ্জা দেখতে প্রতি বছরই ভিড় জমান দেশ-বিদেশ থেকে আসা দর্শনার্থীরা ৷ এবার এই আলোক সজ্জার পাশাপাশি যুক্ত হয়েছে থিমের রমরমা। কানাইলাল পল্লির এই বছরের পুজো ৫২ বছরে পা দিল। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকার ফাইবার কাস্টিং শিল্পকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে৷ পুজো কমিটির কর্তারা বলছেন, কলকাতায় দেশপ্রিয় পার্ক বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করেছিল। আমরা জগদ্ধাত্রী পুজোয় সেই চমক দিয়েছি। চন্দননগরে খড়, মাটি দিয়ে যে প্রতিমা তৈরি হয় তার ওজন অনেক বেশি হয়। সবচেয়ে বড় প্রতিমা তৈরিতে তাই আমরা ফাইবার ব্যবহার করেছি। প্রশাসনের তরফে প্যান্ডেলের উচ্চতা কমিয়ে দিতে বলা হয়েছিল।সেই নিয়ম মেনে মণ্ডপের ভিতরে মায়ের মূর্তিটি ১৩ ফুটের করা হয়েছে৷ ফাইবারের টুকরোগুলিকে লোহার ফ্রেমে আটকে মা জগদ্ধাত্রীর প্রতিমা, সিংহ, হাতি ও চালচিত্র তৈরি করা হয়েছে। সেই চালচিত্রের মধ্যে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের ফাইবার মূর্তি। রবিবার ষষ্ঠীর আগেই সেজে উঠেছে চন্দননগর। পুজোর কেন্দ্রীয় কমিটির তথ্য বলছে, মোট ১৮০টি পুজো হয়েছে এবার। এছাড়াও চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে আরও বেশ কয়েকটি পুজো রয়েছে। তবে সাবেকিয়ানা ধরে রাখে অধিকাংশ জগদ্ধাত্রী পুজো কমিটি। এই বছর চার দিনের পরিবর্তে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পাঁচ দিন করা হয়েছে। একাদশীর দিন বিসর্জন হবে সমস্ত প্রতিমার।

Be the first to comment