রোজদিন ডেস্ক : যত সময় গড়াচ্ছে এসআইআর আতঙ্কে রাজ্যে মৃতের সংখ্যা বাড়ছে। বাদ যাচ্ছে না আত্মহননের চেষ্টাও। নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলার মানুষকে এভাবেই বিপদের মুখে ফেলেছে বিজেপি।এর বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল।

রবিবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসআইআর আতঙ্কে মৃত বহরমপুরের বাসিন্দা তারক সাহার বাড়ি যান। মৃতের বাড়ি বহরমপুর পুরসভার ২১ নং ওয়ার্ডে। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন চন্দ্রিমা। তাঁদের সান্ত্বনা এবং আশ্বাস দেন। বলেন, রাজ্য সরকার এই দুঃসময় তাঁদের পাশে আছে এবং সব রকম সাহায্য করবে। তাঁর সঙ্গে ছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়, বিধায়ক অপূর্ব সরকার-সহ নেতা-কর্মীরা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একজন মানুষ আতঙ্কে প্রাণ হারালেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মৃতের পরিবারের পাশে আছি। রাজ্য সরকার তাঁদের সব রকম ভাবে সাহায্য করবে। মানুষকে অনুরোধ করছি, কেউ অযথা ভীত হবেন না। সরকার ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।মন্ত্রী এদিন প্রশাসনকে নির্দেশ দেন যেন ভুয়ো খবর ও গুজব ছড়ানো রোধে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং মানুষকে সচেতন করা হয়। স্থানীয় প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই এলাকায় প্রচার শুরু করেছে যাতে মানুষ আতঙ্ক না ছড়ায় এবং শান্ত থাকেন। চন্দ্রিমা ভট্টাচার্যের এই সফরে মৃতের পরিবার কিছুটা সাহস ও ভরসা পেয়েছে বলে জানান স্থানীয়রা।

Be the first to comment