রমিত সরকার, কৃষ্ণনগর, নদীয়া :
কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর চুরির ঘটনার পর বড় সাফল্য পেল পুলিশ। সভাস্থল থেকে চুরি যাওয়া তিনটি সোনার হার উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী ও সমর্থকরা কৃষ্ণনগরে আসেন। তাঁদের মধ্যেই ছিলেন ভীমপুর থানার কুলগাছি এলাকার বাসিন্দা বিজলী বিশ্বাস, চন্দনা মণ্ডল ও কণিকা পাল। সভা শেষ হওয়ার পর তাঁরা লক্ষ্য করেন, তাঁদের গলার সোনার হার উধাও। এরপরই বিষয়টি নিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। সভাস্থলের আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়। তদন্তের মধ্যেই শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে নিশ্চিত প্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রূপালি দেবী। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় ধৃতের কাছ থেকেই চুরি যাওয়া তিনটি সোনার হার উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মুখ্যমন্ত্রীর জনসভায় দূর দূরান্তের গ্রাম থেকে আসা সাধারণ ও গ্রাম্য মহিলাদের ভিড় এবং তাঁদের সরলতাকেই কাজে লাগিয়েছিল অভিযুক্ত। পরিকল্পিতভাবেই ভিড়ের সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার পিছনে আর কেউ জড়িত আছে কি না, কিংবা এটি কোনও পেশাদার চক্রের কাজ কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, জনসভা ও ভিড়ের জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।
সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দ্রুত চুরি যাওয়া সোনার হার উদ্ধার হওয়ায় স্বস্তি পেয়েছেন অভিযোগকারীরা।

Be the first to comment