রোজদিন ডেস্ক : যুদ্ধের আবহে জ্বালানি সংকট ক্রমেই বাড়ছে ভারতে। ক’দিন আগেই বেড়েছে এলপিজির দাম। সিলিন্ডার প্রতি ৬০ টাকা দাম বাড়িয়েও সমস্যার সুরাহা হচ্ছে না। বুকিং করেও মিলছে না এলপিজি। এবার কোপ পড়ল গাড়ির সিএনজিতে। কলকাতায় সিএনজির জোগান ক্রমশ কমছে। আর তার ফলে বাড়ল দাম। বাড়তি খরচ সামাল দিতে একাধিক রুটের অটোভাড়া ইতিমধ্যে বাড়ানো হয়েছে বলেই অভিযোগ আসছে। বুধবার ভোররাত থেকেই পাম্পে অটো চালকদের লম্বা লাইন। অভিযোগ, আগে থেকে কিছু জানানো হয়নি। অথচ হঠাৎ করে এদিন সকাল থেকে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রাতে দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। বুধবার ভোর থেকে একলাফে ৫ টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন গ্যাসের দাম বেড়ে হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। তাঁদের আরও অভিযোগ, বেশি দাম দেওয়া সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন, কেন রাতারাতি লিটার প্রতি ৫ টাকা করে দাম বাড়ল সিএনজির? পাম্পমালিকরা বলছেন, তাঁদের কিছু করার নেই, যেরকম নির্দেশ এসেছে, তাঁরা সেভাবেই বিক্রি করছেন। এদিকে যাত্রীদের তরফে অভিযোগ, গ্যাসের দাম বাড়তেই কিছু কিছু রুটে বুধবার সকাল থেকে অটো ভাড়া বেড়ে গিয়েছে। আচমকা ভাড়া বৃদ্ধিতে স্বাভাবিক ভাবেই পকেটে টান পড়েছে নিত্য যাত্রীদের।

Be the first to comment