রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের নামে একজন প্রকৃত ভোটারের নাম কোন ভাবেই বাদ দেওয়া চলবে না। এই দাবিতে আগামী সোমবার ৯ ফেব্রুয়ারি কলকাতায় নির্বাচন দফতরে অভিযান করবে প্রদেশ কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘোষণা করে জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু প্রকৃত ভোটারের নাম বাদ যেতে পারে বলে তাঁরা জেনেছেন। একজন প্রকৃত ভোটারের নাম কোন ভাবে বাদ দেওয়া চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এই দাবিতে আগামী সোমবার ৯ ফেব্রুয়ারি ব্যাঙ্কশাল কোর্ট থেকে তাঁরা মিছিল করে রাজ্য নির্বাচন দফতরে যাবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির কি বৈধতা আছে তা নিয়ে ও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এসআইআরের শুনানির নামে হয়রানি বন্ধ করা, এই সব নিয়ে সর্বদলীয় বৈঠক করার জন্য তাঁদের দাবি কিছুই মানা হয়নি। এবার ভোটার তালিকায় কোনভাবেই যেন প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, এই দাবিতে নির্বাচন দফতর অভিমুখে তাঁদের ওই মিছিল হবে। সেখানে সবাইকে যোগ দেওয়ার জন্য শুভঙ্কর সরকার আহবান জানান।

Be the first to comment