রোজদিন ডেস্ক : দলের সঙ্গে বেইমানি। ভোটে জিতে দলবদল। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক নিশীথ কুমার মালিকের কাছে নিজেদের ভোট ফেরত চেয়ে চিঠি দিলেন সন্দীপ ভট্টাচার্য এবং রূপালি ঘড়ুই ভট্টাচার্য নামে দু’জন। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। এই চিঠির কপি পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তাঁদের দাবি, তাঁদের ভোটগুলি বাদ দিয়ে বর্ধমান উত্তর বিধানসভার ভোট পুনর্গণনা করা হোক। কর্মীদের অভিযোগ, নির্বাচনের সময় তীব্র গরম ও প্রতিকূলতা উপেক্ষা করে দিন-রাত এক করে তাঁরা এই বেইমান বিধায়কের জয়ের জন্য বুথ পাহারা দিয়েছিলেন। সাধারণ মানুষ ঘরের ছেলে মনে করে তাঁকে উজাড় করে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন। কিন্তু জিতেই তাঁর আসল চেহারা সামনে আসতে শুরু করে। নিজের আখের গোছাতে এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তিনি দলের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিরোধী শিবিরের সঙ্গে গোপনে আঁতাত করেছেন বলে অভিযোগ। নিশীথ কুমার মালিক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ত্যাগ করেছেন, তাই আমাদের প্রদেয় মূল্যবান ভোট বাদ দিয়ে তাঁর প্রদেয় ভোট গণনা করা হোক। চিঠিতে এমনই দাবি করেছেন তারা। তাদের সাফ কথা, কর্মীরাই দলের আসল শক্তি, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বরদাস্ত করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় তাদের এই প্রতিবাদ বেশ শোরগোল ফেলেছে।

Be the first to comment