রোজদিন ডেস্ক :
এসআইআরে তথ্যগত অসঙ্গতির নামে সাধারণ মানুষের হেনস্থা, চূড়ান্ত ভোটার তালিকায় প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়া ইত্যাদির প্রতিবাদে বামফ্রন্ট আজ সিইও দফতর অভিযান করে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিইও মনোজ আগরওয়ালকে স্মারকলিপি দিতে চাইলে তিনি প্রত্যাখ্যান করেন বলে সূত্রের খবর। প্রতিবাদে তাঁরা সিইও দফতরের সামনে অবস্থান করেন। মঙ্গলবারই সেলিম প্রকৃত ভোটার তালিকার দাবিতে পথে নেমে লড়াই এর ডাক দিয়েছিলেন।
আজ বামফ্রন্টের ডাকে এক বিশাল মিছিল এই দাবিতে সিইও দফতর অভিযান করে। পুলিশ তাঁদের আটকে দেয় বলে প্রকাশ।
মহম্মদ সেলিম জানান, প্রকৃত ভোটারদের বাদ দিয়ে কিছুতেই বিধানসভা নির্বাচন হতে দেওয়া যাবে না। তাঁরা সিইও-কে দাবি পত্র দিতে চাইলে তিনি নিজে তা নিতে অস্বীকার করে অধস্তন দের পেশ করতে বলেন। এর প্রতিবাদে তাঁরা অবস্থান বিক্ষোভ করছেন।
সেলিমের অভিযোগ, আরএসএস, বিজেপির নির্দেশে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হয়েছে। কোন ভোটারকে বিবেচনাধীন, ডি ভোটার, সংশয়ী ভোটার
বলে দাগিয়ে দেওয়া যাবে না।
দৃশ্যত ক্ষুব্ধ সেলিম বলেন, রাজ্যে চাকরি চুরি, কয়লা পাচার সহ নানা বিষয়ে যুক্তরা বিচার প্রক্রিয়ার বাইরে থাকলেও যাঁরা এসআইআরে নথি জমা দিয়েছেন, তাঁদের কেন বিচারাধীন বলা হচ্ছে?
মঙ্গলবার বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরীও প্রকৃত, পুর্নাঙ্গ ভোটার তালিকা ছাড়া কমিশন বিধানসভা নির্বাচন ঘোষণা করতে পারে না বলে জানিয়ে ছিলেন।
নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনৈতিক বাতাবরণ ক্রমেই তপ্ত হয়ে উঠেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যর বিরুদ্ধে সিপিএমের যুব নেতা সৈনিক শূর পুলিশে নালিশ করেছেন।
অন্যদিকে আগামীকাল ও নির্বাচন দফতরে তাঁদের বিক্ষোভ অবস্থান জারি থাকবে বলে বামফ্রন্ট ঘোষণা করেছে।

Be the first to comment