রোজদিন ডেস্ক :
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্ণীঝড় অর্ণব (cyclone arnab) আগামীকাল বুধবার এই রাজ্য থেকে অনেক দূরে আছড়ে পড়বে। দূরে হলেও এর প্রভাবে সুন্দরবন ও দক্ষিণ ২৪ পরগণার উপকূল বর্তী এলাকায় প্রবল দুর্যোগের আশঙ্কা আছে। আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, এর ফলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। নদী, সমুদ্র উত্তাল হয়ে জলোচ্ছাসের সম্ভাবনাও আছে। দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, নামখানা, মৌসুনি দ্বীপ ইত্যাদি এলাকায় অধিবাসীদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
ঘুর্ণীঝড় তৈরি হওয়ায় সমুদ্র উত্তাল হয়েছে। শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। আগামীকাল থেকে বৃহস্পতিবার রাজ্যের উপকূল ও সংলগ্ন এলাকায় পঞ্চান্ন কিমি গতিবেগে ঝড় হতে পারে৷ সমুদ্র অতি উত্তাল থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
এই প্রেক্ষিতে আজ সন্ধ্যার মধ্যে সমুদ্রে যাওয়া মৎস্য জীবীদের নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে।।আগামীকাল থেকে ফের নির্দেশ না দেওয়া অবধি তাঁদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন।
সংশ্লিষ্ট প্রত্যেক এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ উদ্ধারকারী দল গুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এই ঘূর্ণিঝড় আগামীকাল অন্ধ্র প্রদেশের উপকূলে আছড়ে পড়ার জোরালো সম্ভাবনা। এর ফলে ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

Be the first to comment