রোজদিন ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক আগে সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী দুপুর তিনটে পাঁচ মিনিটে বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন। এর ঠিক আগে দুপুর দুটো চল্লিশ মিনিটে তিনি পুরোহিত ও মোয়াজ্জেম দের ভাতা ও পাঁচশো টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন।
ভোটের আগে বকেয়া ডিএ পাওয়ার ঘোষণা শুনে কর্মী মহল খুশি। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করা যৌথ সংগ্রাম সমিতি, কনফেডারেশন অফ স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজ প্রমুখ সব সংগঠনই একে নিজেদের জয় বলে দাবি করেন।
আজ বিকেল চারটেয় দিল্লিতে এই রাজ্য সহ পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করবেন কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর ঠিক পঞ্চান্ন মিনিট আগে বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর ডিএ নিয়ে ঘোষণাকে রীতিমত মাস্টার স্ট্রোক বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, “আমাদের মা মাটি মানুষের সরকার তার সকল কর্মচারী, পেনশনভোগী, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত – পুরসভার কর্মী ও পেনশনভোগীকে দেওয়া কথা রেখেছে। তাঁরা রোপা ২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ থেকেই পেতে শুরু করবেন।”
তিনি আরও জানান, রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বকেয়া অর্থ প্রদানের পদ্ধতি ও সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে।

Be the first to comment