রোজদিন ডেস্ক : দার্জিলিং-এর জেলাশাসক মণীশ মিশ্রকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের ডেপুটেশনে না পাঠিয়ে স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের বিশেষ সচিব করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দার্জিলিং এর নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল। আজ নবান্ন সূত্রে এই খবর পাওয়া যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর দার্জিলিং এর জেলাশাসক ও পুলিশ সুপারকে ডেপুটেশনে চেয়ে রাজ্যকে বার্তা পাঠায়।
গত শনিবার শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর নিয়ে তিক্ততার জেরে তাঁদের দুজনের ওপর এই ডেপুটেশনের খাঁড়া নামে বলে অভিজ্ঞ মহল মনে করেন। যা নিয়ে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য দেখা দেয়।
মুখ্যমন্ত্রী দার্জিলিং-এর জেলাশাসক মণীশ মিশ্রকে তাঁর নিজের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব নিয়োগ করেছেন। এর মাধ্যমে কেন্দ্রকে টক্কর দেওয়া হোল বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
তবে শিলিগুড়ির এসপিসি সুধাকরকে দিল্লির ডেপুটেশনে পাঠানো হবে কিনা তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে প্রাক্তন মুখ্য সচিব আলাপন ব্যানার্জিকে নিয়েও কেন্দ্রর সঙ্গে সংঘাতে জড়ায় রাজ্য।
২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মুখ্যসচিব না থাকায় কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। সেবার ওই বৈঠকে রাজ্যের পক্ষে মুখ্যসচিবের থাকার কথা ছিল। মুখ্যমন্ত্রী ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ঝটিতি সৌজন্য সাক্ষাত করে চলে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা আলাপন ব্যানার্জি ও তাঁরই সঙ্গে বেরিয়ে যান। যা প্রধানমন্ত্রীর পক্ষে অবমাননাকর মনে হয়। মুখ্যসচিব পদ থেকে অবসরের পরও এই বাবদ সুযোগ সুবিধা পাননি তিনি। চলছে আইনি লড়াই। তবে মুখ্যমন্ত্রী তাঁকে বিশেষ পরামর্শদাতার মর্যাদা দিয়েছেন। আগের মত সব সুযোগসুবিধাও পান বলে সূত্রের খবর।

Be the first to comment