রোজদিন ডেস্ক : দিল্লি সহ দেশের বায়ুদূষণ নিয়ে বিরোধী নেতা রাহুল গান্ধীর আলোচনার দাবিকে মান্যতা দিলো সরকার। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, এই বিষয়ে আলোচনা করতে তাঁরা রাজি। সংসদের কার্য উপদেষ্টা সমিতির বৈঠকে এই বিষয়টি উঠেওছে।
মন্ত্রীর এই বক্তব্যে দৃশ্যত খুশি রাহুল গান্ধীও জানিয়ে দেন, এই বিষয়ে তাঁরা সর্বতোভাবে সহায়তা করবেন।
সরকার ও বিরোধীদের পারস্পরিক বৈরিতা সরিয়ে বায়ুদূষণ নিয়ে আলোচনার ঐক্যমত্যর এই বিরল সাক্ষী হল আজ লোকসভা।
দিল্লি-সহ দেশের ভয়ংকর বায়ুদূষণ নিয়ে বহুদিন ধরেই উদ্বেগ জানাচ্ছেন রাহুল গান্ধী। আজ শুন্য পর্বে ( জিরো আওয়ার) বিরোধী নেতা রাহুল গান্ধী বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর বিষাক্ত বায়ুর কম্বলের নীচে বাস করছে। লক্ষ লক্ষ শিশু ফুসফুসের রোগে আক্রান্ত, তাদের ভবিষ্যত ধ্বংস হচ্ছে, মানুষের ক্যান্সার হচ্ছে, প্রবীণরা শ্বাস নিতে পারছেন না। এটা কোন আদর্শ গত ব্যাপার না বলে তিনি উদ্বেগ ব্যক্ত করেন। বলেন, এই নিয়ে কোন পরিকল্পনা হলে তাঁরা সর্বতোভাবে সহায়তা করবেন। “আমরা দেশকে দেখাতে পারি, যে কোন গুরুতর সঙ্কটে আমরা একসঙ্গে কাজ করে সমাধান করতে পারি।”
রাহুল গান্ধী জানান, সংসদে এই নিয়ে আলোচনা হলে তাঁরা সরকারকে দোষারোপ করবেন না, আলোচনায় অংশ নেবেন, এই গুরুতর মৌলিক সমস্যা সমাধানে কি করা যায় তা একসঙ্গে আলোচনা করবেন।
সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সভার কার্য উপদেষ্টা সমিতির বৈঠকে কংগ্রেস এই বিষয় তুলেছেন, সরকার এই নিয়ে আলোচনায় রাজী।
উল্লেখ্য, দিল্লির ভয়ংকর বায়ুদূষণে আমজনতা অতিষ্ঠ। এর আগে কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী ও দিল্লির ভয়ংকর বায়ুদূষণে তাঁর মত প্রবীণ, শিশুদের শ্বাসকষ্ট নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছিলেন।
মা-কে সমর্থন করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও। এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনার পক্ষে মত ব্যক্ত করেন।
বহু মহিলাও দিল্লির ভয়ংকর বায়ুদূষণে সন্তানদের স্বাস্থ্য নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কথা বলেছেন রাহুল গান্ধীর সঙ্গে।
প্রসঙ্গত, শুধু দিল্লি না, কলকাতা-সহ দেশের একাধিক শহরই এই সমস্যায় জর্জরিত। রাহুল গান্ধী চান, এই নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা হোক।দূষণ মুক্ত দেশে সবাই সুস্থ থাকুক।

Be the first to comment