রোজদিন ডেস্ক : বিবাহ বিচ্ছেদ হলে আর্থিকভাবে স্বনির্ভর স্ত্রী বা স্বামীকে খোরপোষ দিতে হবে না বলে রায় দিলো দিল্লি উচ্চ আদালত।
বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও হরিশ বৈদ্যনাথন শংকর এর পর্যবেক্ষণ হল, বিচ্ছেদের পর প্রয়োজনীয় আর্থিক সহায়তার জন্য আইনে খোরপোষ দেওয়ার সংস্থান রাখা হয়েছে। এই ক্ষেত্রে স্ত্রী যদি আর্থিকভাবে স্বনির্ভর হন, তাঁকে চিরস্থায়ী খোরপোষ দেওয়া যায় না।
সূত্রের খবর, ২০১০ সালে বিয়ে হওয়া এক দম্পতির ১৪ মাস পরেই ছাড়াছাড়ি হয়ে যায়। অ্যাডভোকেট স্বামী স্ত্রীর বিরুদ্ধে তাঁকে মানসিক ও শারীরিক ভাবে হেনস্থার অভিযোগ আনেন। আদালত তাঁদের আইনি বিচ্ছেদের রায় দেয়। রেলের প্রথম শ্রেণির অফিসার স্ত্রী তাঁর ভরণপোষণের জন্য স্বামীর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করে মামলা দায়ের করেন। নিম্ন আদালতে তা খারিজ হলে স্ত্রী উচ্চ আদালতে যান।
দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আবেদনকারী স্ত্রীর আর্থিক সামর্থ্য বিচার করে আগের রায়ই বহাল রাখেন। তাঁদের মতে, রেলের প্রথম শ্রেণির অফিসার স্ত্রী আর্থিকভাবে স্বনির্ভর, স্বামীর কাছে ভরণপোষণের চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে এই টাকা তিনি দাবি করতে পারেন না।
এই রায়ে বহু পরিবারই স্বস্তির নিশ্বাস ফেলেছে। ইদানীং বিবাহ বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে খোরপোষের চাহিদাও বেড়ে চলেছে। বহু পরিবার এতে বিপর্যস্ত। বিশেষত স্বামীদের ওপরই বেশি চাপ সৃষ্টি হয়। এই ক্ষেত্রে দিল্লি উচ্চ আদালতের রায় তাঁদের স্বস্তি দিলো।

Be the first to comment