প্রতিবেদন: বৃষ্টির দাপট জারি আছে বঙ্গে। তারই মধ্যে উৎসবের বাংলায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, শনিবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে। এবার শুরু থেকেই ডেঙ্গির দুই প্রজাতি সেরোটাইপ ২ এবং সেরোটাইপ ৩ দাপট দেখাচ্ছে। তবে এর মধ্যে আশার কথা, সব ঠিকঠাক চললে আগামী বছর বাজারে আসতে পারে ডেঙ্গির টিকা। বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালে রাজ্যে মূলত সেরোটাইপ ৩-এর দাপট দেখা গিয়েছিল। গত বছর তুলনায় বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেরোটাইপ ২। আর এবার শুরু থেকেই দুই সেরোটাইপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যে ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি দক্ষিণের জেলায়। আক্রান্তের সংখ্যায় প্রথম মুর্শিদাবাদ, দ্বিতীয় কলকাতা। এরপর নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা। নদিয়া জেলা স্বাস্থ্য দফতরের খবর, গত বছর এই সময়ে জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৪১৯। এ বছর সেই সংখ্যা ৬০৫। নদিয়ার তেহট্ট-১ ব্লকে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে অন্তত ১৪১ জন আক্রান্ত হয়েছেন। রানাঘাট-২ ব্লকে আক্রান্ত ৫৬ জন, আর চাকদহে আক্রান্তের সংখ্যা ৭৫।

Be the first to comment