ডার্বি জয়ের পর হার এড়াতে পারল না ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথম বার ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি। ২-১ ব্যবধানে জিতে ডুরান্ড কাপের ফাইনালে চলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। শনিবার ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।
প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই। ৬৬ মিনিটে ব্যাকভলিতে গোল করে ডায়মন্ডহারবার এফসিকে এগিয়ে দেন কোর্টাজার। এক মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। দূরপাল্লার শটে গোল আনোয়ারের। কিন্তু শেষ দিকে পরিস্থিতি কঠিন হয়। ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিলের ছোট্ট ভুল। যার সুযোগ নিতে ভোলেনি কিবু ভিকুনার দল। জবি জাস্টিনের সৌজন্যে ২-১ এগিয়ে যায় ডায়মন্ডহারবার এফসি।

ম্যাচের ৮৭ মিনিটে বিষ্ণুকে নামান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ম্যাচে সংযুক্তি সময় দেওয়া হয় ৮ মিনিট। ইস্টবঙ্গলের কাছে ফাইনালে যাওয়ার লাইফলাইন। কিন্তু এর জন্য় প্রথম প্রয়োজন ছিল একটা গোলে অন্তত সমতা ফেরানো। ময়দানে অভিজ্ঞ বিক্রমজিৎকে নামিয়ে ডিফেন্স মজবুত করে ডায়মন্ডহারবার এফসি। কিন্তু ইস্টবেঙ্গলের ভুলে উল্টে ডায়মন্ডহারবারই সুযোগ পায়। অফসাইডে রেহাই পায় ইস্টবেঙ্গল। বাকি সময়টুকুও যথেষ্ট ছিল না। এ বারের মতো ডুরান্ড অভিযান শেষ লাল-হলুদের। শনিবার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে ডায়মন্ডহারবার এফসি।

Be the first to comment