রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। ছাত্রনেতা ওসমান হাদি থেকে দীপু দাস, একের পর এক হত্যাকাণ্ড নিয়ে।উত্তাল গোটা দেশ। এই আবহে এবার মুখ খুলে ফের বিজেপিকেই অস্বস্তিতে ফেললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার ঈশ্বরীগাছায় এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, তাতে কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকলে হবে না। তাদের চাপ দিতে হবে। দীপু দাস হত্যা-কাণ্ড নিয়ে তিনি বলেন, তার জমি দখল করতে এসেছিল একটা গোষ্ঠী, তিনি প্রতিবাদ করেছিলেন। তাই তাঁকে নৃশংস ভাবে খুন হতে হল। যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তারপর কেন্দ্রের পদক্ষেপ করা উচিত। এভাবেই ঘুরিয়ে তিনি কেন্দ্রের সমালোচনা করেন। এখানেই না থেমে তিনি আরও বলেন, স্বাধীনতার আগে থেকে অনুপ্রবেশ হচ্ছে। সিপিএম, কংগ্রেস আমলেও হয়েছে। তৃণমূলের আমলেও হয়েছে। এখন শুধু ধরে ধরে ভোটার লিস্ট থেকে নাম কাটা হচ্ছে, এর পরে দেশ থেকে বের করে দেওয়া হবে অনুপ্রবেশকারীদের। কেন্দ্র ও রাজ্য বিজেপি যখন সিএএ ফর্ম ফিলআপ করতে বলেছিল, তখন তারা করেননি, এখন তো তার ফল ভুগতেই হবে বলে দাবি করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু এখনও পর্যন্ত ভোটার লিষ্ট থেকে নাম কাটা গেলে দেশ থেকে বের করে দেওয়া হবে, এমন কথা বিজেপি বা কেন্দ্রীয় সরকার বলেনি। তাই দিলীপের এই মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যদিও তাঁর মন্তব্য নিয়ে দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment