রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্যের সব জেলা থেকেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির তথ্য তলব করল রাজ্য সরকার। এই মর্মে পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে তথ্য চাওয়া হয়েছে। নবান্ন জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যাঁদের বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে, তাঁদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। এই অর্থ প্রদান করা হবে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে। তবে তা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মডেল অনুসরণেই দেওয়া হবে।
ক্ষতিপূরণের এই প্রক্রিয়ায় পঞ্চায়েত দফতরের ভূমিকাই প্রধান। তাই প্রতিটি জেলার প্রশাসনের কাছ থেকে বাড়িভিত্তিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তলব করেছে পঞ্চায়েত দফতরই। সম্প্রতি উত্তরবঙ্গে টানা বৃষ্টি ও ধস নেমে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। তার আগে দক্ষিণবঙ্গেও ডিভিসির জলছাড়া ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, রাজ্যের সব জেলা থেকেই ক্ষতির পরিমাণ ও তালিকা দ্রুত জমা দিতে নির্দেশ দিয়েছে নবান্ন।

Be the first to comment