ভোটাধিকার থেকে শ্রমিকের অধিকার, সবই লুট করছে বিজেপি, মে দিবসে তীব্র আক্রমণে সাংসদ দোলা সেন

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রের মোদি সরকার যেভাবে এসআইআরের নামে বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণ করেছে সেভাবেই হরণ করেছে শ্রমিকদের স্বার্থও। এই নিয়ে মে দিবসের মঞ্চ থেকে সরব হলেন তৃণমূল নেতৃত্ব। মে দিবসের মঞ্চ থেকে একদিকে শ্রমিকের অধিকার রক্ষা, এর পাশাপাশি ভোটাধিকার রক্ষার বার্তাও দিল তৃণমূল।শুক্রবার সকালে তৃণমূল ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মে দিবস। নেতা‌ নেত্রীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন আইএনটিটিইউসি-র সর্বভারতীয় সভানেত্রী ও সাংসদ দোলা সেন। ছিলেন প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত, পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ, সুবীর মজুমদার-সহ অন্যরা

দোলা সেন বলেন, ২০১০ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরই তৃণমূল ভবনে মে দিবস পালন করা হয়। সংগঠিত ও অসংগঠিত‌ সব শ্রমিকদের সম্মান জানাতেই এই কর্মসূচি। কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে দোলা সেন বলেন, শুধু ভোটের ক্ষেত্রেই নয়, শ্রমিকদের অধিকার নিয়েও কেন্দ্র অগণতান্ত্রিক ও বেআইনি পথে চলছে। আট ঘণ্টা কাজের অধিকারের বদলে ১২, ১৪ এমনকি ১৬ ঘণ্টা কাজ করানে হচ্ছে। সরকারি ও বড় বড় সংস্থা বেসরকারি এবং বিদেশিদের হাতে তুলে দিয়ে স্থায়ী শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত করা হচ্ছে। নতুন লেবার কোডের মাধ্যমে শ্রমিকদের কাজের সময় বাড়িয়ে মালিকপক্ষকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা এই লেবার কোড মানবে না। নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ভোট প্রক্রিয়া নিয়েও সরব হন তিনি। বলেন, কমিশনকে কার্যত বিজেপি তাঁদের শাখা সংগঠনের মতো ব্যবহার করছে। ভোটারের নাম বাদ দেওয়া থেকে শুরু করে স্ট্রংরুমে সিল করা ইভিএম খোলা, সব ক্ষেত্রেই গণতন্ত্রকে খুন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*