রোজদিন ডেস্ক : আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিউ টাউনে দুর্গাঙ্গনের উদ্বোধন করবেন। দিঘায় জগ্ননাথ মন্দিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় উৎফুল্ল মুখ্যমন্ত্রী ও শাসক শিবির। চলতি বছরে মুখ্যমন্ত্রী কলকাতার এই দুর্গাঙ্গন ও শিলিগুড়িতে মহাকাল মন্দির স্থাপনের ঘোষণা করেছেন।
আগামীকাল কলকাতায় তিনি দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন।
আজ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে বিতর্ক উসকে দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে ওঁর মুখ পুড়েছে। কেন তিনি এই কথা বললেন, সমাজ মাধ্যমে তার ব্যাখ্যাও দেন বিরোধী নেতা। তাঁর দাবি, যে জমিতে দুর্গাঙ্গন করার কথা ছিল, তা পরিবর্তন করা হয়েছে। ঠেলার নাম বাবাজি মন্তব্য করে তিনি বলেন, প্রথমে ইকো পার্কের কাছে এই মন্দির করার কথা ছিল, টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ী সংস্থাকে দিয়ে মাটি ভরাটের কাজও হয়। ওখানে শিলান্যাসের তোড়জোড়ও শুরু হয়।
শুভেন্দু অধিকারী জানান, এই জমির মালিকানা বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নামে ছিল। তাঁদের পরিবার ও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আপত্তির জন্যই দুর্গাঙ্গনের জায়গা পাল্টাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন, মহাকাল মন্দির ইত্যাদি ঘোষণা করেছেন। আবার সংখ্যালঘুদের চটাতেও চান না। তাই নিউ টাউন বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় তা নির্মিত হবে। এই জমিও শিল্পের জন্য নির্ধারিত ছিল বলে বিরোধী নেতার দাবি।
মুখ্যমন্ত্রীকে বিঁধে শুভেন্দু অধিকারী আরও বলেন, মাননীয়ার সময় খারাপ, মেসি ম্যাজিক দেখাতে গিয়ে মেসি ম্যাসাকার এর মত পরিস্থিতি হয়েছে। মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে গিয়েও এই অবস্থা হল!!
আগামী দিনে মুখ্যমন্ত্রীর জন্য আরও খারাপ সময় আসছে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment