আমি ধর্মনিরপেক্ষ ,দুর্গা অঙ্গনের শিলান্যাস করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক : একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় তৈরি হবে ‘দুর্গা অঙ্গন’। সেই ঘোষণার বাস্তব রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য। সোমবার কলকাতার উপকণ্ঠে দুর্গা অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী নিজেই। দিঘার জগন্নাথ মন্দিরের মতোই এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে।
শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দুর্গা অঙ্গন কেবল পুজোর সময়ের জন্য নয়, বছরভরই খোলা থাকবে। তাঁর কথায়, এখানে ৩৬৫ দিনই মা দুর্গার পুজো হবে। নিত্য আঙিনা হিসেবে এই জায়গা গড়ে তোলা হবে। প্রতিদিন মানুষ এসে মা দুর্গাকে দর্শন করতে পারবেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তৈরি হবে দোকানপাট এবং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গা অঙ্গনের নকশা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং দিঘার জগন্নাথ ধাম যাঁরা তৈরি করেছেন, তাঁরাই এই প্রকল্পের কাজও করবেন।


এদিনের বক্তব্যে বারবার ফিরে আসে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাঙ্গন বিশ্বের এক নম্বর কেন্দ্র হয়ে উঠবে। দিনে প্রায় এক লক্ষ মানুষ এখানে আসতে পারবেন বলে তাঁর আশা। তিনি উল্লেখ করেন, দিঘার জগন্নাথ ধামে ইতিমধ্যেই এক কোটি দর্শনার্থী পৌঁছে গিয়েছেন। তাঁর কথায়, ধর্ম যার যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই দিনটি বাংলার জন্য ঐতিহাসিক। দুর্গা অঙ্গন গড়ে ওঠার মাধ্যমে বাংলার মুকুটে আরও একটি পালক যুক্ত হল বলে মন্তব্য করেন তিনি। ইউনেস্কোর তরফে দুর্গাপুজোর যে আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে, তার পরেই এই প্রকল্পের ভাবনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মুখ্যমন্ত্রী। প্রথমে যে জমি চিহ্নিত করা হয়েছিল, তা ছিল প্রায় ১২ একর। কিন্তু পর্যাপ্ত পার্কিং ও সাংস্কৃতিক পরিকাঠামোর প্রয়োজনের কথা ভেবে আরও বড় জায়গা বেছে নেওয়া হয়েছে। নতুন জায়গাটি ১৭.২৮ একর, যেখানে দর্শনার্থীদের যাতায়াত ও সুবিধার দিকটি আরও ভালোভাবে নিশ্চিত করা যাবে বলে তাঁর বক্তব্য।
একই সঙ্গে রাজ্যের অন্য ধর্মীয় ও পরিকাঠামোগত প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মহাকাল মন্দিরের কাজ শেষ হলে সেই প্রকল্পও সম্পূর্ণ হবে। গঙ্গাসাগর সেতু নিয়ে কেন্দ্রের কাছে দীর্ঘদিন অপেক্ষা করা হলেও সাড়া না মেলায় রাজ্য সরকারই উদ্যোগ নিয়েছে। প্রায় ১৭০০ কোটি টাকা বরাদ্দ করে গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী ৫ তারিখ সেই প্রকল্পের শিলান্যাস হবে বলেও জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*