রোজদিন ডেস্ক : এসআইআর শুনানিতে বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য করা যাবে না। সোমবার এমনই স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশনের সিইও দফতর। কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ৮৫ বছর বা তার বেশি বয়সী ভোটার, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রে বিশেষ মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। ওই গোত্রের ভোটাররা নিজেরা বা তাঁদের হয়ে কেউ অনুরোধ জানালে তাঁদের শুনানির জন্য ডাকা হবে না। ইতিমধ্যে যদি কোনও নোটিস জারি হয়ে থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে ফোনে যোগাযোগ করে শুনানিতে না আসার অনুরোধ জানানো হতে পারে। যাচাই প্রক্রিয়া প্রয়োজনে তাঁদের বাড়ি গিয়ে করা যেতে পারে বলেই জানানো হয়েছে ওই নির্দেশে। ইআরও, এইআরও এবং বিএলওদের উদ্দেশে পাঠানো এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংশোধনী প্রক্রিয়া চলাকালীন যেন কোনও ভাবেই বয়স্ক বা শারীরিক ভাবে অক্ষম ভোটারদের অযথা হয়রানির শিকার হতে না হয়। ভোটারদের অধিকার রক্ষা ও মানবিক আচরণ নিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে।
সোমবার সন্ধেয় সিইও দফতরের এই সার্কুলার সামনে আসতেই একে তাঁদের জয় বলেই মনে করছে তৃণমূল শিবির। এরপরই এক্স হ্যান্ডলে এক পোস্টে সে কথাই উল্লেখ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আহে সোমবার দুপুরে এই দাবি-সহ ৫টি দাবি নিয়ে সিইওর সঙ্গে দেখা করেন তৃণমূলের ৫ সদস্যের এক প্রতিনিধি দল। তখনই তাঁরা কমিশনের এই অমানবিক আচরণের প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই ধরনের ভোটারদের হেনস্তা বন্ধে ভার্চুয়াল শুনানির দাবি জানান।ফলে কমিশনের জারি করা নির্দেশিকাকে নিজেদের জয় হিসেবেও দেখছে তৃণমূল শিবির।

Be the first to comment