জারি কমিশনের নয়া নির্দেশিকা, চাপ বাড়ল বিএলওদের

Spread the love

রোজদিন ডেস্ক : নতুন বছরের শুরুতেই চাপ বাড়ল এ রাজ্যের বিএলওদের উপর। এসআইআরের দাবিদাওয়া ও আপত্তি পর্ব চলাকালীন ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম গ্রহণের জন্য বাড়তি দায়িত্বের নির্দেশ জারি করল কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহের কাজের দিনের মধ্যে যে কোনও তিনদিন বিএলওদের নিজ বুথে অন্তত দু-ঘণ্টা করে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি, ছুটির দিনে অন্তত চার ঘণ্টা করে বুথে বসে ভোটারদের কাছ থেকে ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম নিতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই সময়সূচি ইআরও এবং এইআরওদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে রদবদল করা যেতে পারে, যাতে শুনানি প্রক্রিয়া ব্যাহত না হয়। তবে ভোটার ও সংশ্লিষ্ট আধিকারিকদের সুবিধার্থে নির্ধারিত সময়সূচি ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫ সালের একেবারে শেষে জারি হওয়া এই নির্দেশিকা কার্যত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে। নতুন বছরের শুরুতেই বুথে দীর্ঘ সময় উপস্থিত থাকা এবং নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত কাজ সামলানো বিএলও-দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, মত সংশ্লিষ্টমহলের। এই নির্দেশিকার পর বিএলও সংগঠনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*