উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকাই পদত্যাগ করেন জগদীপ ধনকড়। তারপর দ্রুত নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। ২২ জুলাই ধনখড়ের পদত্যাগের সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। সংবিধানের অনুচ্ছেদ ৬৮(২) অনুযায়ী, উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের উপর। সেই প্রক্রিয়াই এখন শুরু হল আনুষ্ঠানিকভাবে।

নির্বাচন কমিশন আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব গ্রহণ করেছে। এই নির্বাচন পরিচালিত হবে ১৯৫২ সালের ‘প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন আইন’ এবং ১৯৭৪ সালের সংশ্লিষ্ট বিধিমালার ভিত্তিতে।

সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতির পদে অস্থায়ীভাবে কাউকে নিযুক্ত করার সুযোগ নেই। তবে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হওয়ায়, তাঁর অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান অথবা অন্য কোনও সদস্য সংসদীয় কাজ সাময়িকভাবে পরিচালনা করতে পারেন। বর্তমানে ডেপুটি চেয়ারম্যান পদে রয়েছেন জেডিইউ সাংসদ হরিবংশ সিংহ।

উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে এক জন ব্যক্তিকে ন্যূনতম ৩৫ বছর বয়সি হতে হবে। ভারতের নাগরিক হতে হবে। সরকারি কোনও লাভজনক পদে থাকা চলবে না। এমনিতে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতি। তবে ধনখড় তিন বছর উপরাষ্ট্রপতি পদে থাকার পর ইস্তফা দিয়েছেন। এর পর যিনি নতুন উপরাষ্ট্রপতি হবেন, তিনি আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*