প্রতিবেদন: ভয় দেখানো, হুমকি থেকে তোলাবাজি। পালাবদলের পর একের পর অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিরা। এবার জোর করে ভয় দেখিয়ে জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিধাননগর পুরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ধৃতের নাম আজিজুল হোসেন মণ্ডল ওরফে কালো। আজিজুল বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মমতা মণ্ডল তার ভাইয়ের স্ত্রী। সামসুন আরা মণ্ডল নামে আটঘরা পূর্ব পাড়ার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে আজিজুলকে গ্রেফতার করেছে বাগুইহাটি থানা।
সামসুনের অভিযোগ, আজিজুল এবং নাসির মণ্ডল তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে তাঁর জমি দখল করে রেখেছে। তাঁর জমিতে বাংলাদেশিদের বসিয়ে রোজগার করছে আজিজুল। জমি ফেরত চাইলে জুটেছে প্রাণনাশের হুমকি। ২০১৮ সাল থেকে থানা এবং প্রশাসনিক দফতরে ঘুরে ঘুরেও কোনও লাভ হয়নি বলছেন সামসুন। পালাবদলের পর এবার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার পরই বাগুইআটি থানা।গ্রেফতার করে আজিজুলকে। আজ সোমবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে।

Be the first to comment