রোজদিন ডেস্ক :
অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আজ মহিলা সহ ২০ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। সাত জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি।। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বহু ছিন্নভিন্ন শরীরের অংশ কাছের মাঠ, খেতে গিয়ে পড়ে। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় এলাকার বাতাস ঢেকে যায়। স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ দমকল বাহিনী গিয়ে আগুন নিভিয়ে উদ্ধার কাজ চালায়।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ব্যক্ত করে বলেন, এই অত্যন্ত বেদনাদায়ক দুর্ঘটনায় অনেকের প্রাণহানি হয়েছে। তিনি স্থানীয় প্রশাসনের আধিকারিকদের দ্রুত নিহত পরিবারগুলিকে সহায়তার নির্দেশ দেন। এলাকার মন্ত্রী ও পদস্থ আধিকারিকদের অকুস্থলে যেতে বলেন। এই মর্মন্তুদ ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে। ড্রোন দিয়ে নিকটবর্তী এলাকায় দেহাংশ আছে কিনা দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা যায় বারুদ দিয়ে বাজি তৈরির সময় বিস্ফোরণ হয়।
কিভাবে এই বিস্ফোরণ হল তার তদন্ত হচ্ছে।

Be the first to comment