রোজদিন ডেস্ক :
তামিলনাড়ুর তিরুভাল্লুরে একটি খাদ্য প্রক্রিয়া করণ কারখানায় গ্যাস লিক করে সাত মহিলা মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আরও প্রায় সত্তর জন অসুস্থ। নয় জনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক, উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গ্যাস লিক হয়ে দুর্ঘটনার পর কর্মীদের মধ্যে নিরাপদে বেরোনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। প্রবল শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। কর্তৃপক্ষ দ্রুত তাঁদের উদ্ধার, চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন।
সূত্রের খবর, তিরুভাল্লুরের পেরিয়াপালামের কাছে কান্নিগাইপায়ার গ্রামে চিংড়ি প্রক্রিয়া করণ ও রফতানি কারখানায় এই দুর্ঘটনা হয়। নিহত, আহতদের সিংহ ভাগই অন্য রাজ্যের। বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলি থেকে তাঁরা ওখানে কাজে গেছেন।
মুখ্যমন্ত্রী বিজয় এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। শিল্প, স্বাস্থ্য, দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি দফতরের আধিকারিক দের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী চব্বিশ ঘণ্টার মধ্যে অন্তবর্তী রিপোর্ট ও তিন দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট তলব করেছেন।
রাজ্যপাল রাজ্যেন্দ্র অরলেকার মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী বিজয় অসুস্থদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।

Be the first to comment