রোজদিন ডেস্ক, কলকাতা:- নীলবাতির গাড়িতে করে বাদশাহী মেজাজে ঘুরতেন। নিজেকে আইএএস অফিসার বলে বহু জায়গায় পরিচয় দিতেন। আর এভাবেই দেদার তোলাবাজি করতে বলে এবার অভিযোগ উঠেছে। মঙ্গলবার হলদিয়া থেকে গ্রেফতার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর প্রাক্তন আপ্ত সহায়ক প্রদীপ রাজপণ্ডিতকে। যদিও এবিষয়ে এখনও অধীররঞ্জন চৌধুরীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপির বহু নেতাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রদীপ্ত রাজপণ্ডিতের বলে অভিযোগ।


সুতাহাটা থানার পুলিশ প্রদীপ্ত রাজপণ্ডিতকে গ্রেফতার করে জেরা করতে শুরু করে। তাতেই নাকি হাঁড়ির খবর বেরিয়ে পড়ে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রদীপ্ত রাজপণ্ডিতের বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে। তাঁর বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। একাধিক রাজনৈতিক নেতা ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ছিলেন বলে অভিযোগ। বিজেপির প্রথমসারির নেতারা সেখানে ছিলেন বলেও জানা যাচ্ছে। অনুষ্ঠান চলাকালীনই বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। অধীর চৌধুরীর আপ্ত সহায়ক যখন ছিলেন তখন তিনি থাকতেন নয়াদিল্লিতে। এখন অধীরবাবুও প্রাক্তন সাংসদ। তাই ধৃত ব্যক্তি ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে তোলাবাজি করছিলেন বলে অভিযোগ পুলিশের।

Be the first to comment