চার নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : দুই জেলার চার নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার দুই ইআরও ও দুই এইআরও-র বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে। একই সঙ্গে কাজে গাফিলতির অভিযোগে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। গত বছর অগস্টে বারুইপুর পূর্ব ও ময়নার সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাসপেন্ড করা হলেও তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছিল না। এই নিয়ে একাধিকবার নবান্নকে সতর্ক করেছিল নির্বাচন কমিশন। নির্দেশ কার্যকর না হওয়ায় নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে কমিশন। তাঁকে জানানো হয়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তার কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্যের তরফে এফআইআর দায়ের করা হল। উত্তর ২৪ পরগনার বসিরহাট-২ ব্লকের বিডিও সুমিত্র প্রতীম প্রধানের বিরুদ্ধে অভিযোগ, কমিশনের অনুমতি ছাড়াই এসআইআর চলাকালীন তিনি ১১ জন অতিরিক্ত এইআরও নিয়োগ করেন। প্রাথমিক তদন্তের পর তাঁর সাসপেনশনের সুপারিশ করা হলেও তা এখনও কার্যকর হয়নি। দ্রুত সেই নির্দেশ কার্যকর করতেও বলা হয়েছে। এদিকে, সাতজন এইআরও-র সাসপেনশন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তাপ বাড়ছে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানান, আইন মেনেই সাসপেন্ড করা হয়েছে। তাঁর দাবি, ২০০০ সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*