নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ: বৃহস্পতিবার সন্ধ্যায় নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত চরমাজদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় একটি সাইকেলের দোকানে আচমকাই আগুন লেগে যায়, এবং অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার কিছু সময় পর হঠাৎই দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকানের সর্বত্র। দোকানে থাকা সাইকেল, যন্ত্রাংশ, টায়ার-টিউবসহ নানা সামগ্রী আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের তৎপরতায় আশেপাশের অন্যান্য দোকান ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে সাহায্য করেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকার ব্যবসায়ীদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Be the first to comment