রোজদিন ডেস্ক : শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি দূর করতে অভিনব উদ্যোগ নিল বুইচা বসাকপাড়া বিনোদিনী প্রাথমিক বিদ্যালয়। ৬৭ বছরের পুরোনো এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১২১ জন এবং দায়িত্বে রয়েছেন তিনজন শিক্ষক-শিক্ষিকা। সম্প্রতি স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আনন্দঘন খাদ্য মেলা। “পড়া পড়া খাওয়া” এই ভাবনাকে সামনে রেখেই পড়াশোনার পাশাপাশি আনন্দের পরিবেশ তৈরির লক্ষ্য ছিল এই উদ্যোগের। খাদ্যমেলাকে কেন্দ্র করে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু অভিভাবকও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।

বিভিন্ন স্টলে ছিল বাচ্চাদের পছন্দের নানান খাবার। বিশেষ আকর্ষণ ছিল এই স্টলগুলির দায়িত্ব নিজেরাই নিয়েছিল ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক বিভূতি সরকার, যিনি দুই বছর ধরে দায়িত্বে আছেন, জানান যে পড়ুয়াদের মনোযোগ বাড়ানোর উপায় খুঁজতেই সহকর্মী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শান্তিপুর থানার নবলা অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় স্তরে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলেই জানা গেছে। শিক্ষার সঙ্গে আনন্দের মেলবন্ধনেই সফল হলো এই আয়োজন।

Be the first to comment