রোজদিন ডেস্ক : আপাতত ফাঁড়া কাটল। সাময়িক স্বস্তি পেলেন জিটিএ এলাকার ৩১৩ জন স্কুল শিক্ষক। কারণ এখনই বাতিল হচ্ছে না তাঁদের চাকরি। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আজ, বুধবার এই নির্দেশ দিয়েছে। ফলে বছর শেষের আগে কিছুটা স্বস্তি পেলেন জিটিএ-র ৩১৩ জন শিক্ষক। নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল এই শিক্ষকদের ক্ষেত্রে। চলতি মাসেই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই মামলায় ৩১৩ জন শিক্ষকের চাকরি বতিলের নির্দেশ দিয়েছিল। পরবর্তীকালে সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন শিক্ষকরা।
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই বিচাপতিরা সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দেন। ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই শিক্ষকরা দীর্ঘদিন চাকরি করছেন। সিঙ্গল বেঞ্চ এই বিষয়টি ভেবে দেখেননি। শুধু তাই নয়, রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অন্যান্য কারণে শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। এই বিষয়টিও বিবেচনা করেনি সিঙ্গল বেঞ্চ। এর পরই ওই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হয়। আপাতত ১২ সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ কার্যকর করা হল। পাশাপাশি রাজ্য সরকার ও মামলাকারীদের হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment