রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের পর এবার বিজেপি শাসিত হরিয়ানায় দূষিত জল পান করে গত পনেরো দিনে বারো জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। যা নিয়ে সরগরম রাজনীতির অঙ্গনও। সূত্রের খবর, হরিয়ানার পালওয়াল জেলার ছায়ানসা গ্রামে পাঁচ স্কুল পড়ুয়া-সহ বারো জনের মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, দূষিত জল পানই এর কারণ। ওই গ্রামের ঘরে ঘরে এখন জ্বর, বমি,কাশি, গায়ে ব্যথার মত উপসর্গ নিয়ে বহু মানুষ ভুগছেন। চারিদিকে ত্রাস, আতঙ্ক, দুশ্চিন্তার আবহে স্বাস্থ্য দফতর শিবির করে রক্ত পরীক্ষা-সহ চিকিৎসার ব্যবস্থা করছে। ১০৭টি বাড়ির জলের নমুনা পরীক্ষার পর তেইশটি নমুনাই অনুত্তীর্ণ।
মৃতদের অনেকেই হেপাটাইটিসে আক্রান্ত বলে জানা যায়।
এই প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য দফতর গ্রামবাসীদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে। সঙ্গে সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য বিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জ্বর হলেই ডাক্তার দেখানোয় গুরত্ব দিয়েছে।
কর্তৃপক্ষ কিভাবে এত জনের অকাল মৃত্যু হল তার কারণ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, গত বছর মধ্যপ্রদেশের ইন্দোরের ভগীরথপুরায় দূষিত পানীয় জল পান করে অনেকে প্রাণ হারান, শতাধিক মানুষ পেটের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। যা নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে।

Be the first to comment