রোজদিন ডেস্ক :
প্রচন্ড গরমে নাজেহাল কলকাতা সহ রাজ্যে আজ দুপুরের পর প্রবল ঝড় বৃষ্টি নামে। এর জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে কলকাতা সহ রাজ্যের বহু এলাকা। উত্তর থেকে দক্ষিণ, গাড়ির ওপর গাছ পড়েছে, বহু এলাকায় রাস্তায় গাছ পড়ে যান চলাচল ব্যাপক ভাবে বিপর্যস্ত। সাময়িক ভাবে বন্ধ মেট্রো রেল, শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, বিমান পরিষেবাও। মাত্র এক ঘন্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বহু এলাকা। ঝড়ে সাউথ সিটি মলের বহু জানলার কাঁচ ভেঙেছে। বৃজি মেট্রোর কাছে উড়ে গেছে চালা, লেক টাউনে বিশালাকার মেসি মুর্তি ঝোড়ো হাওয়ায় দুলছে, এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।
পুরসভা, বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে বিভিন্ন রাস্তায় উপড়ে পড়া গাছ সরানোর কাজ করছেন।
আউটরাম ঘাটের কাছে গাছের ওপর বিদ্যুতের তার পড়ে একজন বিদ্যুতস্পৃষ্ট হওয়ার খবর এসেছে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।
গত কয়েকদিন প্রচন্ড দাবদাহে আমজনতার প্রাণ ওষ্ঠাগত হচ্ছিল। সকলেই চাতকের মত বৃষ্টির আশা করছিলেন। আজ দুপুরে আকাশ কালো করে আশি কিমির বেশি বেগে ঝড় ওঠে, সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। এতে একদিকে স্বস্তি, সঙ্গে নেমেছে দুর্ভোগও।
আবহাওয়া দফতর সুত্রে খবর, দুই ২৪ পরগণা, পুর্ব মেদিনীপুরে আগামী কয়েক ঘন্টা বজ্র বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, শহরতলিতেও।
যানবাহন চলাচল বিপর্যস্ত হওয়ায় অফিস যাত্রীরা উদ্বিগ্ন।

Be the first to comment